সকালে ঘরে মিলল কাজলীর পোড়া মরদেহ
ঢাকার আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী (৪৫) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার বাড়ি থেকে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকায় নিজের তিনতলা বাড়িতে একাই থাকতেন কাজলী। রোববার সকালে বাড়ির নিচতলায় আগুনে পোড়া মরদেহ দেখতে পান তাঁর বাড়িতে আসা অন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, কাজলীকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা। মৃত্যুর খবরে তাঁর বাড়িতে ভিড় করেন তৃতীয় লিঙ্গের অন্যরা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে সাভারের বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাঙ্গাং এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি পিকআপ চাপায় মারা গেছেন।

জাহিদুর রহমান