মাগুরায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, দুই দলই চ্যাম্পিয়ন
মাগুরার মহম্মদপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে আমিনুর রহমান কলেজ মাঠে মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয়। খেলাটির সার্বিক অনুপ্রেরণায় ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
স্থানীয়রা জানান, খেলার শুরুতেই আর্জেন্টিনা সমর্থক একাদশের খেলোয়াড়েরা ১টি গোল দিয়ে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে খেলা চলাকালীন আর্জেন্টিনা দলের এক খেলোয়াড়ের ফাউলকে কেন্দ্র করে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। এই সিদ্ধান্তকে ঘিরে মাঠে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর রেফারির নির্দেশনা মেনে পেনাল্টি শট থেকে গোল করে ব্রাজিল সমর্থক একাদশ খেলায় ১-১ গোলে সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত খেলাটি সমতায় থাকায় এবং মাঠের পরিস্থিতি বিবেচনা করে খেলাটি আর ট্রাইবেকারে গড়ায়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সম্প্রীতি বজায় রাখতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন এবং অতিথিদের সাথে নিয়ে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে বিকেলে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী এই প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
ইউএনও বলেন, মহম্মদপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাদকবিরোধী এই ফুটবল ম্যাচটি আয়োজন করা হয়েছে। এই ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য হলো এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সবার মাঝে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা। যেহেতু আমাদের এখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের অনেক সমর্থক রয়েছেন, তাই তাদের একত্রিত করে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)