সরকার বিদায়ের একমাত্র পথ নির্বাচন : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনই হচ্ছে সরকার বিদায়ের একমাত্র পথ। গত নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। আগামী নির্বাচনে জনগণ ভোট না দিলে আমাদের সরকার আর থাকবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য সচিব কামরুন নাহার ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।
হঠাৎ করেই সরকারের পতন হবে- বিএনপি নেত্রী সেলিমা রহমানের এই মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই কথা আমরা গত ১১ বছর ধরে শুনে আসছি। আমরা গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণ আগামীত আমাদের আর ভোট না দিলে আমরা আর সরকার গঠন করবো না। কিন্তু হঠৎ করে সরকার পড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে বিএনপি তৈরি করতে পারেনি। এটা হবেও না।
তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা বহুদলীয় গণতান্ত্রিক সমাজেই বাস করি। বিরোধী দল সবসময় তাদের মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার রাখে। তাদের সেই অধিকার দেওয়া হচ্ছে।
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমে নিবন্ধন দেওয়ার জন্য এরইমধ্যে সিদ্ধান্ত হয়েছে। এখন কার্যক্রম চলছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক