সাংবাদিকদের প্রণোদনা দেওয়ার দাবি জাফরুল্লাহর
সাংবাদিকদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘প্রতিটি সাংবাদিককে অন্তত ২০ হাজার করে টাকা দিন, তাহলে তারা শক্তি পাবে, সত্য বলার জন্য বেঁচে থাকবে। আপনি নিজেও সত্য শোনার অভ্যাস করুন। তাহলে আপনি জয়যুক্ত হবেন। দেশ জয়যুক্ত হবে। আমরা আরো গভীরভাবে আপনাকে ভালোবাসব।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এশিয়ান জার্নালিস্ট সোসাইটির উদ্যোগে সাংবাদিক গ্রেপ্তার, নিপীড়ন, গণচাকুরিচ্যুতির প্রতিবাদ ও বেতন-ভাতা পরিশোধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘দেশের এই পরিস্থিতির মধ্যে যারা আপনাকে সঠিক তথ্য দিতে চায় তারা হলেন সাংবাদিক। আমি বিশ্বাস করি আপনি (প্রধানমন্ত্রী) দেশের ভালো চান। আর সেজন্য সাংবাদিকদের কথা বলতে দেন। কথা শোনার অভ্যাস করুন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্যোর এ ট্রাস্টি বলেন, ‘আপনি কয়েকটি ভালো কাজের চেষ্টা করেছেন। তার মধ্যে একটি প্রণোদনা। তবে এই প্রণোদনা সত্যিকার অর্থে যারা বড়লোক তারাই পাচ্ছে। কৃষকের ধান কিনে নেবেন বলছেন। কিছুটা কিনে নেবেন। অনুগ্রহ করে প্রতিটি কৃষকের কাছ থেকেই আপনি ধান কিনে নেবেন এবং ২৬ টাকার জায়গায় দুই টাকা বেশি দিয়ে কিনবেন।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, এম আবদুল্লাহ, ইলিয়াস খান প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা