সাংবাদিক সুমন হত্যাচেষ্টা : আরো চারজন রিমান্ডে
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আরো চারজনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন চারজনকে একদিন করে রিমান্ডের আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শওকত হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জিআরও বলেন, এর আগে গতকাল এ মামলায় গ্রেপ্তার ইসমাইলকে পাঁচদিনের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, গত শনিবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁরা হলেন- আলাউদ্দিন (২৬), মাসুদ মিয়া (২০), রাসেল হোসেন (৩৫) ও অপু মিয়া (২৪)।
এদের মধ্যে অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের ভগ্নিপতি। অন্যদিকে, গত ৬ ফেব্রুয়ারি রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে প্রথমে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
এজাহার থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা সাংবাদিক সুমনের ওপর হামলা চালায়। সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা।
ওই দিনই সুমন বাদী হয়ে দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩০৭ ধারায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক