সাভারে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় গত ২ জানুয়ারি ধর্ষণের শিকার হয়েছিল ১১ বছরের এক শিশু। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুদরত হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার আশুলিয়ার গোকুলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুদরত হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দা। সে আশুলিয়ার গোকুলনগর এলাকার একটি বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করত।
পুলিশ জানায়, কুদরত গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাবিসংলগ্ন আমবাগান এলাকায় বাসা খুঁজতে গিয়ে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে।
এসআই মো. রকিবুল হাসান বলেন, ‘এটি একটি ক্লু-লেস ধর্ষণের ঘটনা। এলাকার তেমন কেউ কুদরতকে চিনতেন না। আমরা বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে অবশেষে মঙ্গলবার তাকে গোকুলনগর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরই মধ্যে পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে সে।’
এসআই আরো জানান, কুদরত পরিবারের সদস্যদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লেহাজ উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনায় আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা এলাকাবাসী অনেক খুশি। এবার সুষ্ঠু বিচার যেন হয়, সেটিই আমাদের প্রত্যাশা।’
ভুক্তভোগী শিশুর চাচা জানিয়েছিলেন, শিশুটি তার দাদির সঙ্গে কিশোরগঞ্জে থাকে এবং স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। তার মা-বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া থাকেন। কিছুদিন আগে সে তার দাদির সঙ্গে মা-বাবার সঙ্গে দেখা করতে আসে।
ওই শিশুর মা বলেছিলেন, “আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে বাসায় এসে ঘটনা শুনেছি। বৃহস্পতিবার সে (শিশুটি) বাসার সামনে দাঁড়িয়ে ছিল। পরে একটা লোক এসে আন্টির সঙ্গে দেখা করাবে বলে পাশের একটা বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পর সে (শিশুটি) বের হয়ে তার দাদিকে বলে, ‘আমাকে মেরে ফেলল।’ পরে সে তার দাদিকে ওই লোকটাকে দেখায়। কিন্তু তার দাদি লোকটিকে ডাক দিতেই লোকটা মুখ ঢেকে দৌড় দিয়ে চলে যায়। পরে কয়েকজন ছাত্রীর সাহায্যে মেয়েকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি।” এরপরই ওই শিশুকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক