সাড়ে তিনশ বানর রক্ষায় আইনি নোটিশ
ফুলবাড়ীয়ার সন্তোষপুরে প্রাকৃতিক বনাঞ্চলে সাড়ে তিনশ বানর রক্ষায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ বন বিভাগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ এবং আহত প্রাণীদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে নোটিশে।
আজ বৃহস্পতিবার পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (পিএডব্লিউ) পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
বিবাদীদের বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে। বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, প্রধান বন সংরক্ষক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সাতজনকে নোটিশ পাঠানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের আহত বানরদের উদ্ধার করে সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নোটিশে বলা হয়েছে, ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থাপন করা বিদ্যুৎ নিরোধক আবরণহীন বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ও নিহত হচ্ছে অসংখ্য বানর। বিভিন্ন জাতীয় দৈনিকে এ খবরটি এক সপ্তাহ ধরে প্রচার হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক পদক্ষেপ নিতে দেখা যায়নি। অথচ বানরসহ জাতীয় উদ্যানের অন্যান্য বন্যপ্রাণীর জীবন হুমকির মুখে রয়েছে।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রাণীকল্যাণ সংগঠনটি আইনি নোটিশ পাঠায়।
উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়ীয়া বনে পল্লী বিদ্যুতের কভারবিহীন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সপ্তাহে অন্তত দশটি বানর ঝলসে গেছে বলে বন বিভাগ জানিয়েছে।
এই বনের প্রাণীগুলোর নিরাপত্তা এখনো হুমকির মধ্যে থাকলেও তা সমাধানে সংশ্লিষ্টরা কার্যত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বন বিভাগসহ পরিবেশ সচেতন অন্যদের।
বিদ্যুৎ বিভাগের ‘খামখেয়ালিপনার’ কারণেই এ দুর্ঘটনাগুলো ঘটেছে বলে বন কর্মকর্তাদের ভাষ্য।
ফুলবাড়ীয়া উপজেলার প্রায় ১৪ একর জায়গাজুড়ে প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে। এখানে প্রায় সাড়ে ৩০০ বানর অবাধে বিচরণ করে। কিছুদিন আগে বনের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতের কভারবিহীন উচ্চ ভোল্টেজের লাইন টানা হয় এবং গত ১৫ ডিসেম্বর তার উদ্বোধন হয়। এর পর থেকে বিভিন্ন সময় বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ১০টি বানরের শরীর, হাত, পা ও মুখ ঝলসে গেছে।

নিজস্ব প্রতিবেদক