সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ। ছবি : ইউএনবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পাথরবোঝাই একটি ট্রাক কাঁচামরিচবাহী একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ডের কুমিরা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, এ ঘটনার পর পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পাথরবোঝাই ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম