সূর্যের দেখা নেই, বিপর্যস্ত জনজীবন
তীব্র শীত থেকে কিছুটা হলেও আরাম দেয় যে সূর্যের আলো, ঘন কুয়াশার কারণে তার দেখা নেই। সঙ্গে আছে হাড় কাঁপানো হিমেল বাতাস। এ কারণে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় কনকনে ঠাণ্ডা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা খুব একটা বাড়েনি। ফলে শীতের তীব্রতাও কমেনি। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়াবিদরা বলছেন, আরো দু-তিন দিন এ অবস্থা থাকতে পারে।
আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। এ অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষকে। বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র দেওয়া হলেও তা অপ্রতুল বলে অভিযোগ করেন শীতার্তরা।
এ ছাড়া কুয়াশায় ঢাকা শীতে ফসলের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষক। এদিকে শীতের কারণে কষ্ট বেড়ে যাওয়ার পাশাপাশি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ হাজারেরও বেশি মানুষ।

নিজস্ব প্রতিবেদক