ফুল দিয়ে শুভেচ্ছা, ট্রাফিক আইন মানার অনুরোধ
লাল গোলাপ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুরের বিরামপুর সার্কেলের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। রাস্তায় চলাচলকারী মোটরসাইকেলচালকদের থামিয়ে এখন থেকে হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
গতকাল রোববার দুপুরে বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে এ কার্যক্রম পরিচালনা করেন সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।
পল্লবী মোড়ে ব্যতিক্রম এ কার্যক্রমের সময়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের থামিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করার আইন এবং হেলমেট না থাকায় দুর্ঘটনার কুফল তুলে ধরেন এএসপি হাফিজুর রহমান। এরপর এখন থেকে হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন মোটরসাইকেলচালকরা। এ সময় চালকদের একটি করে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান হাফিজুর রহমান।
এদিকে পুলিশের এ ধরনের ব্যতিক্রম উদ্যোগে খুশি মোটরসাইকেলচালক ও এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে পুলিশের ব্যতিক্রম এ কাজে চালকরা নিজেরাই লজ্জা পেয়েছেন। ভালোবেসে মানুষকে যে আইন মানানো যায়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ।
এ ব্যাপারে এএসপি এ এস এম হাফিজুর রহমান জানান, তিনি গত মাসে এএসপি হিসেবে বিরামপুর সার্কেলে যোগ দিয়েছেন। নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে, ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে এলাকাবাসীর সঙ্গে পরিচিত হচ্ছেন।

জাহিদুল ইসলাম, হিলি