আশুলিয়ায় ব্যাংক ডাকাতি
আনসারুল্লাহর নেতা আটক : পুলিশ
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ছবি : ফোকাস বাংলা
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সুমন। পুলিশ দাবি করছে, সুমন নিষিদ্ধ-ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা।
আজ রোববার ঢাকা জেলা পুলিশের একটি দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, পুলিশ এ অভিযানের ব্যাপারে আজই একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।
গত ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংক ব্যবস্থাপকসহ নয়জন নিহত ও ২৩ জন আহত হন।
এর আগে বিভিন্ন সময় একই ঘটনায় চারজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, তারাও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

অনলাইন ডেস্ক