বেদেদের উন্নয়নের কাজ করছে সরকার
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন তারই মেয়ে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থেকে আগামী ১৫ বছরের মধ্যে আমরা একটি সফল উন্নত জাতিতে পরিণত হব।’
মন্ত্রী আরো বলেন, ‘আমি এখনো মন্ত্রী হতে পারিনি। যেদিন এই বেদে সম্প্রদায়ের লোকদের উন্নত জাতিতে পরিণত করতে পারব, সেদিনই আমি মন্ত্রী হব। আমার প্রথম কাজ হবে লৌহজংয়ের বেদে সম্প্রদায়ের উন্নত জাতি হিসেবে তৈরি করা।’
আজ শুক্রবার বিকেল ৪টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা মাঠে এক জনসভায় এসব কথা মন্ত্রী।
মন্ত্রী এদিন জানান, লৌহজং উপজেলার তিনটি ইউনিয়নের আড়াই হাজার বেদে সম্প্রদায়কে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে এবং এই বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের চাকরিতে প্রথম সুযোগ-সুবিধা দেওয়া হবে।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আবদুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মহিউদ্দিন, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলার চেয়ারম্যান আলহাজ ওসমান গনি তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, বেদে সম্প্রদায়ের সরদার মো. নজরুল ইসলাম, সাহেব আলী মেম্বার, মাসুম মাদবর প্রমুখ।
আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা মাঠে এক জনসভায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ