পাবনায় মাসব্যাপী বইমেলা উদ্বোধন
ভাষার মাসে পাবনাতেও শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা। আজ বুধবার থেকে জেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে বইমেলা শুরু হয়। সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী।
জেলার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বই মেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর এ বইমেলার আয়োজন করা হয়। বই মেলায় স্থানীয় ছাড়াও ঢাকার কয়েকটি প্রকাশনীর স্টল থাকছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, বইমেলা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হান্নান, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আবদুল মতিন খান।
আজ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা