ষড়যন্ত্র পরিহার করে আগামী নির্বাচনে অংশ নিন : বিএনপিকে নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম চক্রান্ত-ষড়যন্ত্র পরিহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় ৫০০ শয্যাবিশিষ্ট নুরুল হক আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। হত্যা, জ্বালাও-পোড়াও ও চক্রান্তের রাজনীতি পরিহার করে আগামী নির্বাচনে অংশ নিন।
সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মলয় কান্তি চক্রবর্তী, আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, বিএনপির সৃষ্ট জঙ্গিবাদ দমন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। বাংলাদেশের উন্নয়নে এক নীরব বিপ্লব চলছে।
আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আজ বিদ্যুৎ সংকটও নেই। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে আবার হাওয়া ভবন ও জঙ্গিবাদের উত্থান হবে।
পরে স্বাস্থ্যমন্ত্রী নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন এবং ভবন উন্নয়নের জন্য চার কোটি টাকা বরাদ্দ দেন। এ ছাড়া জেলা শহরে দুটি মডেল ফার্মেসি উদ্বোধন করেন।

বাসস