নিরপেক্ষ বলে কিছু নেই : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, নিরপেক্ষ বলে কিছু নেই। তিনি বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি শুরু থেকেই অহেতুক বিতর্ক সৃষ্টি করছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টির মাধ্যমে বিএনপি ফায়দা লোটার চেষ্টা করছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও তারা (বিএনপি) কারচুপির অভিযোগ তুলেছিল, কিন্তু পরে আর কোনো কথা বলে না। শেষ বেলায় বলল, কারচুপি হয়েছে, তবে বেশি করতে পারেনি।
মোহাম্মদ নাসিম আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনে যারা আছেন, তারা সবাই অভিজ্ঞ লোক। ওই পাঁচজনের মধ্যে অধিকাংশেরই নির্বাচনী মাঠে কাজ করার অভিজ্ঞতা আছে। কর্মজীবনের অভিজ্ঞতা ও সাংবিধানিক পদ অনুযায়ী নির্বাচন কমিশনাররা কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
রাষ্ট্রপতি তাঁর একক ক্ষমতা প্রয়োগ না করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন নাসিম।
গত ৫ ফেব্রুয়ারি রোববার ভোর রাত ৪টা ২৪ মিনিটে আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রবীণ এ পার্লামেন্টারিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে এলএলবি ডিগ্রি সম্পন্ন করে আইন পেশায় নিযুক্ত হন। নব্বই দশকে সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগে যোগ দেন। এর আগে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি ও একতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রেলমন্ত্রী নিযুক্ত হন। যদিও সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনার পর তিনি পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ না করে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে রাখেন। এর আগে ১৯৯৬ সালে তিনি প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদে সব সময় সরব এ সংসদ সদস্য একজন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক