চান্দিনায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকচাপায় রোমন তালুকদার নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল পৌনে ৪টায় উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কের ছেংগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমন উপজেলার নাটিঙ্গী গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবাবপুর ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়ে নবাবপুর থেকে মোটরসাইকেলে কলাগাঁও-মাধাইয়া কলেজ মিলনায়তনে আসছিলেন রোমন। পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, দুর্ঘটনায় রোমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বর্ধিত সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আইউব আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী।
রোমনের আত্মার মাগফিরাত কামনা করে সেখানে মোনাজাত করা হয়। শেষে সভা মুলতবি করা হয়।

কাজী রাশেদ, চান্দিনা