নাটোর ও নওগাঁয় ৩ জেএমবি সদস্য আটক
নাটোরের বড়াইগ্রাম থেকে দুজন ও নওগাঁর মান্দায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হালিম খান, নাটোর : বড়াইগ্রাম থেকে শাহাবুদ্দিন ও রহিদুল ইসলাম নামে সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। আজ ভোরে উপজেলার মেরিগাছা এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের আটক করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানার জেএমবি মামলার আসামি ছিল এ দুজন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকাতেই অবস্থান করছিল তারা। নতুন করে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হয়েছে কি না, তা জানতেই তাদের আটক করা হয়।
আসাদুর রহমান জয়, নওগাঁ : মান্দায় জেএমবির সক্রিয় সদস্য মো. খায়রুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার পারইল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, খায়রুল জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি বগুড়া জেলায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার মামলার আসামি। তিনি দীঘদিন ধরে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

অনলাইন ডেস্ক