নওগাঁর ধামইরহাটে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার
পারিবারিক কলহের জের ধরে নওগাঁর ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে মোসা. মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। খুন হওয়া গৃহবধূ ধামাইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে।
এ ঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। গ্রেপ্তার ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
নিহতের বোন মহসিনা বেগম জানান, তার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। সোমবার ভোর রাতে আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকা থেকে আমাদের বাড়িতে আসে। পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোনকে নিয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আমার দুলাভাই আমার বোনের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমার বোন মনিরা বেগমকে ধারালো ছুরি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনারস্থলে নিহত হয় মনিরা বেগম।
মহসিনা বেগম আরও জানান, বেশ কিছুদিন ধরে আমার বোন-দুলাভাইয়ের মধ্যে সংসার জীবন নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। তাদের সংসার জীবন খুব একটা ভাল ছিল না। তবে কেন হত্যা করেছে আমরা তা জানি না। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে নিহত মনিরা বেগমের বাবা মাসুদ হোসেন বাদী হয়ে ধামাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ