লেবানন যাচ্ছেন ১৪০ নৌসদস্য
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল)-এ যোগদানের উদ্দেশে নৌবাহিনীর ১৪০ সদস্যের প্রথম দল রওনা দিয়েছে। আজ রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে দলটি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
জাতিসংঘের বিমানে যাত্রা করা নৌবাহিনীর সদস্যরা লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূলে’ যোগদান করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাফুল্লাহ, (এইচ-১), পিএসসি, বিএন লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। এ সময় অন্য নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২০ জুন ২০১৫ তারিখে দ্বিতীয় দলে আরো ১৪০ জন নৌসদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবেন।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতি’ ২০১০ সালে প্রথমবারের মতো ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। পরবর্তী সময়ে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়। মেরিটাইম টাস্কফোর্সের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ দুটি লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি লেবাননের জলসীমায় জাহাজ দুটি মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করছে।

অনলাইন ডেস্ক