অনলাইনে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে একজন গ্রেপ্তার
সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে অনলাইনে মিথ্যা খবর এবং ছবি প্রচারের অভিযোগে রাজধানী থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর পল্টন এলাকা থেকে সাখাওয়াত হুসেইন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তি মিথ্যা খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে জানান তিনি। সাখাওয়াত ইসলামিকনিউজ টোয়েন্টিফোর ডটনেটের সম্পাদক বলে জানান মনিরুল।
মনিরুল ইসলাম আরো বলেন, ‘এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, তাঁর যে ইসলামিক নিউজ টোয়েন্টিফোর ডটনেট, সেটিতে এগুলো প্রচার করছেন এবং বেশ কিছু প্রতিবেদনও প্রকাশ করেছেন। যেগুলো একেবারে সুস্পষ্টভাবে উসকানিমূলক এবং এই ছবিগুলো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা কেউ যদি তাঁর অনলাইনে এটা নিজে শেয়ার করে অথবা লাইক দেয়, সেও কিন্তু এই অপরাধে অপরাধী।’
এরই মধ্যে আইসিটি অধ্যাদেশ আইনে পল্টন থানায় সাখাওয়াত হুসেইনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।
এ ছাড়া রমজান মাসে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি এবং যানজট নিরসনসহ বেশ কিছু বিষয়ে বিশেষ নজরদারি থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি জালটাকা বিষয়েও সতর্ক থাকবে পুলিশ। এরইমধ্যে জাল টাকাবিরোধী অভিযানে বেশ সাফল্য পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই যুগ্ম কমিশনার।

নিজস্ব প্রতিবেদক