টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৪
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে।
নিখোঁজ হওয়া তিন ব্যবসায়ী হলেন তাহিরপুরের বাগলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে হজরত আলী, বুরেন্দ্রনগর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ফজল মিয়া ও নূর ইসলামের ছেলে জাকির হোসেন। নিখোঁজ হওয়া শিশুটির নাম জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে বাগলী থেকে নৌকা নিয়ে সাত-আটজন তাহিরপুরের তীর্থ মেলায় মিষ্টির দোকান নিয়ে যাওয়ার পথে টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা নামক স্থানে পৌঁছালে প্রবল ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সাত-আটজনের মধ্যে আনোয়ারা বেগম, মোক্তার হোসেন, আলী নেওয়াজ ও আরিফ সাঁতরে তীরে এলেও হজরত আলী, ফজল মিয়া ও জাকির হোসেন নিখোঁজ হন। তবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়া শিশুটি আনোয়ারা বেগমের ছেলে। তার নাম জানা যায়নি। পরে খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ বলেন, ‘সাত থেকে আটজনের একটি নৌকা নিয়ে তাহিরপুরে আসার পথে নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা এক শিশুসহ চারজন নিখোঁজ হয়। আমরা তাদের উদ্ধারে কাজ চালাচ্ছি।’
শাকিল আহমেদ বলেন, এখানে ১৫ থেকে ২০ ফুট পানির উচ্চতা বেড়ে গেছে। প্রবল স্রোত ও বাতাস। তবু তাঁরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, তিন ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের উদ্ধারে পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ