লুটপাটের সুযোগ করে দিতেই বাজেট : খসরু
আওয়ামী লীগের লোকদের লুটপাটের সুযোগ করে দিতেই আগামী অর্থ বছরের বাজেট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু।
বিএনপির এই নেতা বলেন, ‘আগে ব্যাংক লুটপাট করেছে, শেয়ারবাজার লুটপাট করেছে, মেগা প্রজেক্টগুলো লুটপাট করেছে এবং করে যাচ্ছে। এখন তাদের চোখ পড়েছে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষের পকেটে। পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাটই তাঁরা দিয়েছে, যেটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ১৫ শতাংশ কমিয়ে দিচ্ছে সরাসরি। সঞ্চয়ের ওপর বিশ্বের সব অর্থনীতিতে সরকারের পক্ষ থেকে সমর্থন থাকে, ইনসেনটিভ দিয়ে থাকে। অথচ বাংলাদেশে আজকে সাধারণ মানুষের সামান্য সঞ্চয়ের ওপর তাঁরা শুধু কর নিচ্ছে না, তাঁরা সেখানে আবগারি শুল্ক দিয়েছে।’
ভ্যাট আইন বাস্তবায়ন ও আবগারি শুল্ক আরোপের সমালোচনা করে আমীর খসরু বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহি না থাকায় সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে। ক্ষমতাসীনদের বাজেট দেওয়ার বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক