জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া ৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।
নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এতে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। সেটিও আচরণ বিধিমালার লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া