পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
জামালপুরে পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় মেসার্স খাজা পেট্রলিয়ামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শহরের খাজা পেট্রলিয়ামে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেট্রল ও ডিজেল পরিমাপক যন্ত্র থেকে পরিমাপ পাত্রে জ্বালানি তেল মাপা হয়। এতে জ্বালানি তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষকে পেট্রল কম দেওয়ায় ৫০ হাজার ও ডিজেল কম দেওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, তেল পরিমাপক যন্ত্রে কারসাজির মাধ্যমে ভোক্তাকে কম দেওয়ার অপরাধে ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

আসমাউল আসিফ, জামালপুর