তিন ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
রংপুরের পীরগাছায় ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও পীরগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স স্বপন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে বিভিন্ন ইউনিটে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম পরিমাপ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অপরদিকে কদমতলী মোড়ের মেসার্স সোহেল অ্যান্ড সোহাগ ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৫২১ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫৬০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ওজন ও পরিমাপে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। যারা আইন অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, জ্বালানি বিক্রির ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের কম সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসটিআইর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)