পরিমাপে গরমিল, ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পেট্রলের পরিমাপে গরমিল পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও মুদি দোকানে তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালে মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনে পেট্রল ইউনিটে পরিমাপে অসঙ্গতি ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শাহজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট পেট্রল ইউনিটের যন্ত্রপাতি সঠিকভাবে মেরামত না করা পর্যন্ত পেট্রল বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেন
ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
মামুনুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে সঠিক পরিমাপ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)