১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের প্রথম অংশে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফাইতং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ৬(খ) ধারার লঙ্ঘন এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারা অনুযায়ী একটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই দিনে পৃথকভাবে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। এ সময় আরও ১২টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এই দুটি অভিযানে সর্বমোট ১৩টি ইটভাটাকে এই অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন বলেন, কেবল জরিমানা আদায় শেষ কথা নয়; ইটভাটার মালিকরা আইন না মানলে প্রয়োজনে সেসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।
ইটভাটায় এসব অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব ও পরিদর্শক নূর উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)