রাজধানীর মিরপুরে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন
রাজধানীর মিরপুর-১০ এর সি-ব্লক এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে দ্রুত একটি পানির পাম্প স্থাপনের দাবি জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুর-১ নম্বরের উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আশরাফুল আলম বলেন, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত পানির পাম্প স্থাপন করে এই সমস্যা সমাধানে সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এ সময় আরও বক্তব্য দেন মিরপুর-১০ এর সি ব্লকের বাসিন্দা ওয়ায়েজ আহমেদ আসিফ ও মঞ্জুর আহমেদ। বক্তারা বলেন, পানির সংকটের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে এলাকায় একটি পানির পাম্প স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মিরপুর-১০ এর সি ব্লকে দ্রুত পানির পাম্প স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক