নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন
নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফারুক মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার হাসিমপুর মৌলভী বাজারে রায়পুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান ফারুক মিয়ার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা উজান মিয়া বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলী। তার মতো ভালো মানুষ আমি কখনও দেখিনি। তিনি দিন-রাত জনগণের পাশে থেকে সেবা করেছেন। তাকে এখন মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।
মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বলেন, ফারুক চেয়ারম্যান আমাদের এমনভাবে আগলে রেখেছেন একটা ছেলেও কোনো নারীকে বিরক্ত করতে পারত না। আমরা মা-বোন সবাই নিরাপদ ছিলাম। আমরা ফারুক চেয়ারম্যানের মুক্তি চাই।
সম্প্রতি রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী