অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাইয়ের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। দ্রুত আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ায় যেন আসল অপরাধীরা পার পেয়ে না যায়- সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাগিদ দেন বক্তারা।
কেএম কামরুল হাসানের পরিচালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) নাসির উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী ও অধ্যাপক ড. শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা