স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা, ২ যুবককে জরিমানা
জামালপুরের মাদারগঞ্জে ফুয়েল কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিতে এসে ধরা পড়েছেন দুই যুবক। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে এই জালিয়াতির ঘটনা ঘটে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই যুবককে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বুধবার দুপুরে ফয়সাল আহমেদ নামে এক যুবক ফুয়েল কার্ড নিয়ে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে তেল নিতে যান। কার্ডটি দেখে সেখানে দায়িত্বরত কর্মীর সন্দেহ হলে তিনি যাচাই-বাছাই শুরু করেন। পরীক্ষায় কার্ডে থাকা ইউএনওর স্বাক্ষরটি জাল বলে প্রমাণিত হলে তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলের মালিক ওয়াসিম উদ্দিন ঘটনাস্থলে এলে পুলিশ তাকেও আটক করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় উপস্থিত ছিলেন। আদালত সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ৯২ ধারায় মোটরসাইকেল মালিক ওয়াসিম উদ্দিনকে ৯ হাজার ৫০০ টাকা এবং ৬৬ ধারায় ফয়সাল আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে তারা মুক্তি পান।
দণ্ডিত ফয়সাল আহমেদ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা এবং ওয়াসিম উদ্দিন মেলান্দহ উপজেলার উত্তর বালুর চর এলাকার বাসিন্দা।
ইউএনও সুমন চৌধুরী জানান, ফুয়েল কার্ডে জাল স্বাক্ষর ব্যবহার করে জ্বালানি সংগ্রহের চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে।

আসমাউল আসিফ, জামালপুর