রাজধানীতে ছুরিকাঘাতে একজন নিহত
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন বৌবাজার এলাকায় জয়নাল আবেদিন (৫৫) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জয়নাল আবেদিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তিনি মারা যান। তিনি কদমতলীর বৌবাজার এলাকার আফসার করিম রোডের ১০৪ নম্বর বাড়িতে থাকতেন।
মোজাম্মেল আরো জানান, জয়নাল আবেদিন বাড়ি থেকে কাজে বের হলে বাড়ির সামনেই কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁর আত্মীয় সোলায়মান তাঁকে ঢামেকে নিয়ে আসেন।
তবে কী কারণে বা কারা জয়নাল আবেদিনকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ময়নাতদন্তের লাশ জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক সংবাদদাতা