কুমিল্লার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কুমিল্লায় ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
আজ বুধবার সকাল থেকে সদর দক্ষিণের সুয়াগঞ্জ, মিয়াবাজারসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
হাইওয়ে পুলিশের ওই অভিযানে মহাসড়কের সুয়াগঞ্জ বাজার এলাকার ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়াও যাত্রীবাহী বাসে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র দেওয়া হয়। অভিযান চলার সময় হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সেই সঙ্গে রাস্তার পাশে বাজারের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পদুয়া পর্যন্ত ১০৫ কিলোমিটার এলাকার মহাসড়কে বিভিন্ন বাজার রয়েছে। সেখানে সড়কের ওপর কাঁচামালসহ বিভিন্ন মালামাল রাখায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা