ষড়যন্ত্র করলে কঠোরভাবে জবাব দেওয়া হবে : নানক
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।’
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারা অন্তরীন ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে ছাত্রলীগ।
নানক বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনে গেছেন। অথচ সেখানকার বিএনপি নেতারা সেটা জানেন না। তিনি যদি সেখানে গিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র করেন তবে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।’
নানক আরো বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশের জনগণ কাউকে মানবে না। এ কথা শেখ হাসিনা জেলে গিয়ে বলেছিলেন। তিনি জেলে গিয়েছিলেন দেশের মানুষের জন্য। দেশের মানুষের মুক্তির জন্য তাঁর মোট নয়বার কারাবরণ করতে হয়েছে।’
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন, এইচ এম বদিউজ্জামান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ বিন বাদশা প্রমুখ।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা