সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বিজয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওডিআই তিন ম্যাচ সিরিজের ফাইনালে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল।
রাতে এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সাফল্যের জন্য জাতীয় দলের সব সদস্য, কোচ, ম্যানেজার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
অপর এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসামান্য সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। কঠোর অনুশীলন করলে যে ভালো ফল পাওয়া যায়, বাংলাদেশ ক্রিকেট দল পরপর চতুর্থ ওডিআই সিরিজে জয়ী হয়ে তা প্রমাণ করেছে।
আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক