অভিযোগপত্রে একমাত্র আসামি সাংসদপুত্র
রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুজন নিহতের ঘটনায় করা মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের জিআর শাখায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস এ অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে আজ অভিযোগপত্রটি উত্থাপন করবেন সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মাহমুদুর রহমান। এ ছাড়া আগামী ১৩ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন।
পরে ২৪ মে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে।
তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে ও চালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে সংসদ সদস্য পিনু খানের প্রাডো জিপ গাড়িটি (ঢাকা মেট্রো ঘ-১৩-৬২৩৯) জব্দ করে পুলিশ।
রনিকে গ্রেপ্তারের পর তিন দফায় মোট ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি। তবে রনি তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলির কথা স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
এ ঘটনায় আটক রনির গাড়িচালক ইমরান ফকির দুজনকে হত্যার জন্য রনিকেই দায়ী করে গত ১ জুন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অন্যদিকে, গত ১৮ জুন ঘটনার দিন রনির সঙ্গে গাড়িতে থাকা তাঁর বন্ধু টাইগার কামাল ও জাহাঙ্গীর এবং কামাল মাহমুদ ১৯ জুন আদালতে আত্মসমর্পণ করে সাক্ষ্য দেন। তাঁরা তিনজনও সাক্ষ্যে বলেন, রনি তাঁর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে ওই জোড়া খুনের ঘটনা ঘটিয়েছেন।
অভিযোগপত্রে চালক ইমরান ফকির ও রনির তিন বন্ধুকে রাজসাক্ষী করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা