বরিশালের অভ্যন্তরীণ পথে ছোট লঞ্চ চলাচল বন্ধ
বরিশালের অভ্যন্তরীণ পথে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া প্রতিকূল ও নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় আজ রোববার বেলা ১২টায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ২ নম্বর সতর্কসংকেত থাকায় আজ রোববার বেলা ১২টা থেকে বরিশালে অভ্যন্তরীণ নৌপথে ৬৫ ফুটের নিচে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি আবহাওয়া প্রতিকূলে থাকায় ৬৫ ফুটের ওপরে যেসব লঞ্চ চলাচল করছে তারাও বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
এদিকে বরিশালে আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় ৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি জানান।

আখতার ফারুক শাহীন, বরিশাল