শিল্পী মিলার স্বামীর জামিন ফের নাকচ
সংগীতশিল্পী মিলাকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী পারভেজ সানজারির জামিন ফের নাকচ করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ আসামি পারভেজের পক্ষে তাঁর আইনজীবী শামীম আহমেদ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে বাদী মিলার পক্ষে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আল আবু জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন।
এর আগে গত ৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আসামি পারভেজকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। সেদিন বিচারক আসামির জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ অক্টোবর রাতে মিলার স্বামী পারভেজ সানজারিকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। এর আগে মিলা ওই থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার মিলাকে মারধর করেছেন স্বামী পারভেজ। সর্বশেষ গত ৩ অক্টোবর তাঁকে মারধর করা হয়। মিলার বাবা চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা হয়।
মামলায় আরো বলা হয়, এর আগে মিলার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরো ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে তাঁকে মারধর করেছেন। মামলায় মিলার বাবা সাক্ষী হয়েছেন।
মিলার স্বামী পারভেজ একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট। চলতি বছরের ১২ মে মিলার সঙ্গে তাঁর বিয়ে হয়।

আদালত প্রতিবেদক