বরিশালে ৮৬০ ইয়াবা উদ্ধার, আটক ২
বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৮৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার রাতে গৌরনদীর পিঙ্গলকাঠি বাজার ও পশ্চিম ডুমুরিয়া গ্রাম থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনী থানার উত্তর রমজানপুর গ্রামের মো. ইদ্রিস বরকন্দাজ ও একই থানার কুলপুদ্দি এলাকার সরোয়ার হোসেন পলাশ ওরফে পাভেল।
জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়, আটক ইদ্রিসের কাছ থেকে ৫০০টি ও সরোয়ারের থেকে ৩৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় দুই লাখ ৫৮ হাজার টাকা। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল