টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষা করতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশে সামগ্রিক টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষা করতে হবে। উন্নয়ন হওয়ার পর সুষ্ঠু পরিবেশ না থাকলে টিকে থাকা যাবে না। তাই এমনভাবে উন্নয়নের দিকে এগোতে হবে যাতে পরিবেশ বিপর্যয়ের মুখে না পড়ে।
আজ শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় লাইভস্টক পুরস্কার প্রদান ও লাইভস্টক-পোলট্রি মেলায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ লাইভস্টক সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন’।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আরো বলেন, ‘বাংলাদেশের বর্তমান যে অগ্রগতি তাতে আশা করি ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তবে এই আত্মতৃপ্তি নিয়ে বসে থাকার কোনো উপায় নেই। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমরা শুধু মধ্যম আয়ের দেশ নয়, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই।’
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ সারওয়ার জাহান, এসিআই অ্যাগ্রি বিজনেস লিমিটেডের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী এবং মালয়েশিয়ার কেবানসাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শাহ্ আলম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এম মাহফুজুল বারী। এর আগে প্রতিমন্ত্রী লাইভস্টক-পোলট্রি মেলার উদ্বোধন করেন।
এ ছাড়া অনুষ্ঠানে লাইভস্টক-পোলট্রি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কার অনুষ্ঠানে ‘মোস্ট ভ্যালুয়েবল পারসন অব দ্য ইয়ার ফর লাইভস্টক ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতে লাইভস্টক শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মো. হাসিবুর রহমান, লাইভস্টক গবেষণায় অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান, ভেটেরিনারি পেশায় ডা. মো. ইমরান হোসেন খান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃষিবিদ শাহ জামালকে লাইভস্টক অ্যাওয়ার্ড-২০১৫ দেওয়া হয়।
‘হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে লাইভস্টক শিল্পে ডা. মো. ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণে কৃষিবিদ মো. আমিরুল ইসলাম এবং মাঠপর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা সম্প্রসারণে মো. মাসুদ রানা বাবুকে এ পুরস্কার দেওয়া হয়। ‘ক্যাটালিস্ট মিডিয়া পারসন অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ইলেকট্রনিক মিডিয়ায় (পরিবেশ) মুকিত মজুমদার বাবু ও প্রিন্ট মিডিয়ায় মোসা. কানিজ ফাতেমাকে এবং ‘প্রোমিজিং ফার্মার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে লাইভস্টকে মো. সালামত উল্লাহ, পোলট্রিতে মেরিনা পারভীন মেরী এবং শৌখিন প্রাণিতে মো. রুমন ফরহাদ খানকে লাইভস্টক অ্যাওয়ার্ড-২০১৫ দেওয়া হয়।

রাবি সংবাদদাতা