‘সরকারবিরোধী’ তৎপরতায় যুক্ত সন্দেহে আটক ১০
সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নিতে পারে সন্দেহে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ১০ জনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রঞ্জিত সরকার (৫০), মো. মোরশেদ (৩৯), বিপ্লব ঘোষ (৪৫), মো. হোসেন আলী ( ৪৫), মো. রাজেন (৩০), মো. আলমাস (২১), মো. খোকন (২৭), মো. জসিম (২৩), মো. ফিরোজ (২৫) ও মো. জুলহাস (২৭)।
এ বিষয়ে শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা মো. শফিক এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করার প্রতিবাদে আজ প্রেসক্লাবে কেন্দ্রীয় ছাত্রদল এক সভার আয়োজন করে। আটক ব্যক্তিরা সরকারবিরোধী কর্মকাণ্ডে যোগ দিতে এসেছিলেন এমন সন্দেহের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।’
শফিক জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে তাঁরা সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না বা তাঁদের বিরুদ্ধে কোনো নিয়মিত মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
আটক ব্যক্তিরা ছাত্রদলের নেতাকর্মী কি না জানতে চাইলে কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।’
গত ১৯ জুলাই পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক