বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৪
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের দুজনসহ চারজন নিহত হয়েছে।
গতকাল রোববার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাউদকান্দির সিঙ্গুলা এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছকে ধাক্কায় দেন। এরপর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চট্টগ্রাম লোহাগড়া উপজেলার শাহাবউদ্দিন ও তার ছেলে আবু হানিফ এবং একই এলাকার নুরুল হাসান ও সাতকানিয়ার আমজাদ হোসেন মারা যায়।
এ সময় অন্তত ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। হাইওয়ে পুলিশ গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশগুলো উদ্ধার করেছে বলেও জানান ওসি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা