হালকা বৃষ্টির পূর্বাভাস
সারা দেশেই আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি ধরনের, আবার কোথাও ভারি বর্ষণ হতে পারে। এ সময় দমকা হাওয়াসহ বজ্রপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

অনলাইন ডেস্ক