জাতীয় পরিচয়পত্র : কাজ না হলেও টাকা
বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উত্তোলন ও সংশোধনের সুযোগ শেষ হচ্ছে। এখন থেকে এ সেবা পেতে হলে নাগরিকদের গুনতে হবে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফি। তবে এ সেবা চেয়ে নির্দিষ্ট টাকা জমা দিয়ে কাজ না হলেও টাকা ফেরত পাওয়া যাবে না।
আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে জাতীয় পরিচয়পত্র নষ্ট বা হারিয়ে গেলে তা নতুন করে নিতে নাগরিকদের ইসি নির্ধারিত ফি দিতে হবে।
ফির পরিমাণ কত এবং কোথায় জমা দেওয়া যাবে এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সম্প্রতি ইসি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এ সেবা পেতে হলে নাগরিকদের ১০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ফি দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে নাগরিকদের (সাধারণ) ১০০ এবং জরুরি ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিতে হবে।’
এ ছাড়া হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র পেতে গেলে প্রথম বার (সাধারণ) ২০০ টাকা, জরুরি ৩০০ টাকা। দ্বিতীয়বার (সাধারণ) ৩০০ টাকা, জরুরি ৫০০ টাকা; এবং পরবর্তী যেকোনো সময়ের জন্য (সাধারণ) ৫০০ টাকা এবং জরুরি ক্ষেত্রে এক হাজার টাকা ফি দিতে হবে।
মো. সিরাজুল ইসলাম আরো জানান, কেউ যদি তার ইসিতে দেওয়া কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন, সংযোজন করতে চায় তাহলে তাকে প্রথমবার ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং এর পর যতবার করবে তার জন্য ৪০০ টাকা ফি দিতে হবে।
ফি নির্দিষ্ট খাতে ট্রেজারি চালানের মাধ্যমে অথবা ‘সচিব, নির্বাচন কমিশন’-এর অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অথবা কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত নম্বরে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মধ্যমে পরিশোধ করতে পারবে। ফি প্রাপ্তির তারিখ হতে সাত কার্যদিবসের মধ্যে তা সরকারি হিসাবে জমা করতে হবে।
সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ১-০৬০১-০০০১-১৮৪৭ এই কোডে জাতীয় পরিচয়পত্রের ফি ট্রেজারি চালানের মাধ্যমেও পরিশোধ করা যাবে।
আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব বলেন, আগে যেভাবে আবেদন করতে হতো এখন ঠিক একই ফরমে একইভাবে করা যাবে। শুধু টাকা জমা দেওয়ার ট্রেজারি চালানের বা যে ভাবে টাকা পরিশোধ করা হবে তার রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
কেউ ফির টাকা জমা দিয়ে কোনো তথ্য সংশোধনের জন্য আবেদন করল কিন্তু ইসির কাছে তা সংশোধন যোগ্য নাও হতে পারে সে ক্ষেত্রে নাগরিকরা ফির টাকা ফেরত পাবে কি না- এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এই টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু তাঁকে সার্ভিস দেওয়া হচ্ছে।
ইসি সচিব আরো জানান, সবাইকে ঢাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যালয়ে এসে টাকা জমা দিতে হবে এমন নয়। প্রত্যেকের নিজ নিজ উপজেলা পরিষদ কার্যালয়ে আবেদন জমা দেবেন। উপজেলা কার্যালয় থেকে সেগুলো এনআইডিতে পাঠানো হবে। এনআইডি সেগুলো যাচাই-বাছাই করে আবার উপজেলায় পাঠিয়ে দেবে। পরে উপজেলা কার্যালয় থেকেই তাঁরা সেটা সংগ্রহ করতে পারবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার থেকে ফি নিয়ে সাধারণ ও জরুরি সেবা দিতে ইসির প্রয়োজনীয় প্রস্তুতি নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রচার-প্রচারণাও করা হয়নি। তাই এ সেবা নিতে আসা নাগরিকরা ভোগান্তিতে পড়বে।
কারণ বেশির ভাগ মানুষ এখনো জানে না ইসির সেবা পেতে হলে তাঁকে ফি দিতে হবে। ফলে এ সেবা নিতে আসা মানুষরা ভোগান্তির শিকার হবে। কোন সেবার জন্য কত টাকা ফি এবং কোথায়, কীভাবে ফির টাকা জমা দিতে হবে এ নিয়ে ইসির ব্যাপক প্রচার-প্রচারণা করা দরকার ছিল। তাহলে নাগরিকদের ভোগান্তি অনেকাংশে কমে যেত।
বর্তমানে দেশে নয় কোটি ৬২ লাখের উপরে ভোটার রয়েছে। এদের মধ্যে গত বছর হালনাগাদে নিবন্ধিত ৪৭ লাখ নাগরিককে এখনো কোনো এনআইডি দেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক