মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার : দুই শিক্ষক কারাগারে
রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকায় এক মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দুই শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি দুজনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার শিক্ষক মো. জাকারিয়া (৩৫) ও মো. জোবায়ের আহমেদ।
মামলার এজাহার থেকে জানা গেছে, গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুরে রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ নামে ১৩ বছরের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা নাজমা বেগম শিক্ষক জাকারিয়া ও জোবায়েরকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর রাত ১০টার দিকে সেই মাদ্রাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, দুই শিক্ষক বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতেন। নাঈম বিষয়টি তার মাকে বলেছিল। পরে ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন নাজমা বেগম। কিন্তু আসামিরা মাদ্রাসা থেকে ছাড়পত্র দেননি। নাঈম ওই মাদ্রাসায় পড়তে না চাওয়ায় আসামিরা তার ওপর নির্যাতন চালিয়ে যান। গতকাল সোমবার দুপুরে নাঈম মাদ্রাসায় পড়বে না বলে শিক্ষকদের জানায়। তখন তাকে মারধর করা হয়। পরে তাকে আসামিরা ‘শ্বাসরোধে হত্যা করে’।

আদালত প্রতিবেদক