নাটোরে র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় একজন আটক
নাটোরে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক আসলাম শেখ (মধ্যে)। ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর ব্রিজের কাছ থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব। গতকাল শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম আসলাম শেখ। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
আজ রোববার দুপুরে র্যাব-৫ নাটোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা এসব জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসলাম শেখ নিজেকে র্যাব পরিচয় দিয়ে নাটোর শহরের কানাইখালী এলাকার পরেশচন্দ্র ঘোষ ও আবুল কালামকে মাদক মামলায় আটক করার হুমকি দেন। তিনি তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করেন। পরে আরো টাকা নেওয়ার সময় খবর পেয়ে র্যাব সদস্যরা গত রাতে তাঁকে আটক করে।

হালিম খান, নাটোর