শিমুলিয়া-চরজানাজাত নৌপথে পাঁচদিন ফেরি চলাচল বন্ধ
খনন কাজের জন্য শিমুলিয়া-চরজানাজাত নৌপথে আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আজ বুধবার এই তথ্য জানিয়েছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিমুলিয়া-চরজানাজাত নৌপথে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল। শুধু কে টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু আছে।
চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করতে খনন শুরু হয়েছে। দ্রুত খনন কাজ সমাপ্ত করার লক্ষে আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় যানবাহন মালিক, চালক ও যাত্রীসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিসি। সাময়িক এ অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

অনলাইন ডেস্ক