নৌমন্ত্রীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন
‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিপথে ঘরমুখো মানুষের যাতায়াত ও যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না। এ রুটে ১৭টি ফেরির বহরে খুব শিগগির আরো দুটি রো রো ফেরি সংযোজন করা হবে। এতে করে যাত্রী ও গাড়ি পারাপার দ্রুত ও সহজতর হবে।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনকালে সংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী প্রচণ্ড স্রোত এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত দৌলতদিয়ায় দুই নম্বর ফেরিঘাটটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মো.আহসান হাবীব, রাজবাড়ী