চামড়া বাজারে চাঁদাবাজি, আটক ৭
ঈদের দিন নারায়ণগঞ্জের চামড়া বাজারে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্রসহ বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সরকারি তোলারাম কলেজের পাশে আল্লামা ইকবাল রোড থেকে তাঁদের আটক করা হয়। আজ শনিবার বিকেলে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
তাঁরা হলেন মো. তাইজুল ইসলাম জুয়েল (৩০), মো. রাজীব (২১), মো. সজীব (২৪), মো. শুভ খান (২০), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. আহাম্মদ আলী (২১) ও আল আমীন মিয়া (২১)।
নারায়ণগঞ্জের র্যাব-১১-এর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন তালুকদার জানান, গ্রেপ্তারকৃতরা একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছিল।
ঈদের দিন সন্ধ্যায় অস্ত্রের ভয় দেখিয়ে কোরবানির পশুর চামড়া বাজারে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়।
এ সময় তাইজুল ইসলাম জুয়েলের কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও রাজীবের কাছ থেকে এক লাখ নয় হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাঁদের অপর সহযোগী রাসেল পালিয়ে যায়।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ