মোটরসাইকেল ধাওয়া করে মিলল অস্ত্র, আটক ২
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার চকগৌরী হাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. তরিকুল ইসলাম (৪৫) ও মো. ইকবাল হাসান জীবন (২১)।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক (পিপিএম) জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওহাটা পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল নওহাটা মোড়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। দুই আরোহী পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া করে।
আরোহীরা তখন মোটরসাইকেল চকগৌরী হাটসংলগ্ন নয়ন ক্লাবের সামনের রাস্তার রেখে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে একটি জাপানের তৈরি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মহাদেবপুর থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

আসাদুর রহমান জয়, নওগাঁ